কোহলির রেকর্ড ভেঙে ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে বসলেন গিল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম

ভারতের চলমান ইংল্যান্ড সফরে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন ভারত অধিনায়ক শুবমান গিল। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই ম্যাচে এসে গিল সিরিজে তার চতুর্থ সেঞ্চুরি করেছেন, যা তার আইডল বিরাট কোহলির একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।

বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গিলের

আগের দিনের ৭৮ রান নিয়ে খেলতে নামা গিল লাঞ্চের ঠিক আগে ২২৮ বলে পূর্ণ করেন তার নবম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে গিল হয়ে গেলেন বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির অধিকারে। ২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সফরে কোহলি করেছিলেন চারটি সেঞ্চুরি, যার মধ্যে তিনটি অধিনায়ক হিসেবে।

ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশে শুবমান

শুধু কোহলিকেই নয়, শুবমান গিল ছুঁয়ে ফেলেছেন টেস্ট ইতিহাসের আরও দুই কিংবদন্তিকে—সুনীল গাভাস্কার এবং ডন ব্র্যাডম্যান। টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে চার সেঞ্চুরির তালিকায় গিল এখন গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে, ১৯৭৮) এবং ব্র্যাডম্যানের সঙ্গে (১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে)। গাভাস্কার ৪ সেঞ্চুরি করেছিলেন ৬ ম্যাচের ৯ ইনিংসে। আর ব্র্যাডম্যান ৫ ম্যাচের ৬ ইনিংসে। গিলের ৪ সেঞ্চুলি এলো ৪ টেস্টের ৮ ইনিংসে। 

কোহলির একাধিক রেকর্ড এখন গিলের

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিনই গিল পেরিয়ে যান কোহলির ২০১৪/১৫ সালের অস্ট্রেলিয়া সফরের ৬৯২ রানের মাইলফলক। এখন পর্যন্ত গিলের এই সিরিজে সংগ্রহ ৭২২। 
কোহলি ২০১৬-১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে করেছিলেন ৬৫৫ রান। গিল সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন, তার রান এখন ৭০০ ছাড়িয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত