টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:১৭ এএম

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল রবিবার তারা মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ ও সখীপুর উপজেলায় হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমাইরার স্বজনদের সমবেদনা জানান। পরে নিহতদের কবর জিয়ারত করেন তারা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিহত তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে সান্ত¡না দেন। এ সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আমরা আজ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের সমবেদনা জানাতে এসেছি। নিহত ওই দুই শিক্ষার্থীর স্বজনদের পাশে থাকবে বিএনপি। আগামী দিনে এই দুই পরিবারের যেকোনো সমস্যা সমাধানে বিএনপি তাদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া দিয়াবাড়ির মতো জনবহুল এলাকা থেকে বিমানবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

নিহত তানভীর আহমেদের বাবা মো. রুবেল মিয়া বলেন, এমন ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে। ওই বিদ্যালয়ে আমার ছোট ছেলে অধ্যয়নরত রয়েছে। যেকোনো ধরনের বিমান দেখলেই সে এখনো আতকে ওঠে। দ্রুত বিমানবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি সরিয়ে নেওয়ার জোর দাবি জানান তিনি।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থী নিহত হয়। পরদিন তাদের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত