বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে হাসান গাজীকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মা'র বিরুদ্ধে। হত্যার পর দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে।
জানা যায়, ‘হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। ঘটনার দিন মাদক সেবনের জন্য সে পাঁচ হাজার টাকা চায়। টাকা না পেয়ে ঘর ভাঙচুর করে এবং পিতামাতাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই হাসান মারা যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
