নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা ৩ লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে পৌর যুবদলের নেতার বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবদল নেতা শফিকের ভাগ্নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় তৎকালীন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলও ভাগ্নের পক্ষে সংঘর্ষে জড়ায়। এ সময় তিনি পায়ে গুরুতর জখম হয়। গত ৫ আগস্টের পর থেকে সে সময়কার ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন শফিকুল ও তার ভাগ্নে। এরই জের ধরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে রিপনের মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগ্নে সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুলের সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।’
