ঋতুদের সেরা প্রস্তুতি নিশ্চিত করা হবে

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৮ এএম

মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ওমেন্স এশিয়ান কাপের ড্র। বি গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে প্রবল প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে। এই দুটি দেশ এশিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে সফল। বর্তমান চ্যাম্পিয়ন চীনের ঘরে আছে ৯টি শিরোপা। আর উত্তর কোরিয়া তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের অপর দল উজবেকিস্তানও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে। সেরা মঞ্চে প্রথমবার খেলার সেরা প্রস্তুতি তাই নিতে হবে আফিদা খন্দকারদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় মেয়েদের জন্য। দেশের বাইরে দীর্ঘমেয়াদি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত প্রীতি ম্যাচ খেলায় জোর দিচ্ছে বাফুফে। এখনো পরিকল্পনা চূড়ান্ত না হলেও বাফুফের নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার বেশ কিছু সম্ভাবনার কথা জানিয়েছেন বুধবার। যার মধ্যে আছে জাপান, স্পেনের মতো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি। ব্রিটিশ কোচ পিটার বাটলার তার প্রস্তুতি পরিকল্পনা বাফুফের কাছে পেশ করেছেন। মঙ্গলবার পরিকল্পনা বাস্তবায়নে বাফুফের দিকে তাকিয়ে থাকার কথা বলেছেন বাটলার। বুধবার তার কাছ থেকে পরিকল্পনা বিশদ আকারে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন, তার ভাবনাগুলো এখন বাফুফের কোর্টে আছে। তিনি চান বাফুফেই পরিকল্পনাগুলো প্রকাশ করুক এবং সে অনুযায়ী উদ্যোগ নিক। নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার অবশ্য কিছু ধারণা দিয়েছেন সংবাদ মাধ্যমকে। আসছে ছয় মাসে অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলানোর লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি, ‘আমরা চেষ্টা করছি দলকে উন্নত কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তবে তাদের প্রস্তুতি পরিকল্পনা ইউরোপে হওয়ায় তারা পারছে না। এখন জাপান ও স্পেনের সঙ্গে আলোচনা চলছে। জাপানের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, তাদের থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।’ কোচ পিটার বাটলারের চাওয়া সৌদি আরবে উন্নত সুযোগ-সুবিধায় দলের প্রস্তুতি ক্যাম্প করার। বাফুফেও বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানান মাহফুজা। তিনি যোগ করেন, ‘আমরা শুধুমাত্র নিজেদের পরিকল্পনা দেখলেই হবে না, যেসব দেশের সঙ্গে ম্যাচ খেলতে চাই, তাদের সময় ও প্রস্তুতির বিষয়টাও মাথায় রাখতে হবে। তবে আমরা বসে নেই, কাজ চলছে। আশা করছি, প্রস্তুতির দিক দিয়ে আমরা সর্বোচ্চটা করতে পারব।’ দলের সেরা প্রস্তুতি নিশ্চিতে কোচিং স্টাফ শক্তিশালী করার কথাও বলেছেন মাহফুজা আক্তার। বাটলারের সহকারী হিসেবে আরও তিনজন বিদেশিকে নিয়োগ দিতে চান তিনি। এর মধ্যে থাকবেন একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ এবং একজন ফিজিক্যাল ট্রেনার। তবে বাটলারের সঙ্গে এতদিন কাজ করা স্থানীয় কোনো কোচকে বাদ দেওয়া হবে না বলে জানান মাহফুজা আক্তার।

১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে হবে এশিয়ান কাপের খেলা। সিডনিতে ৩ ও ৬ মার্চ বাংলাদেশের প্রথম দুই ম্যাচে পরীক্ষা দিতে হবে যথাক্রমে চীন ও উত্তর কোরিয়ার কাছে। ৯ মার্চ পার্থে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। মাহফুজা আক্তার জানান, গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে একটু আগেভাগে দলকে অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। যাতে অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পায় মেয়েরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত