রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ একডজন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর এসব অঞ্চলের বাসিন্দাদের উপকূল ত্যাগ করে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। জাপানে অন্তত ২০ লাখ মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও চলেছে একই তৎপরতা। গতকাল বুধবার আঘাত হানা ভূমিকম্পটি শক্তির বিচারে ইতিহাসের সবচেয়ে তীব্র ১০টি ভূমিকম্পের একটি। এরপর অন্তত ছয়টি পরাঘাতে কেঁপে ওঠে ওই অঞ্চল, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রার।
কামচাটকার গভর্নর ভøাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ভূমিকম্পটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। ভূমিকম্পের পরপরই কামচাটকা অঞ্চলে সুনামি আঘাত হানে। সাগর থেকে ১৩ ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ উপকূল ভাসিয়ে দেয়। রাশিয়ার জরুরি ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক প্লাবিত হয়েছে। যে কারণে ওই এলাকার ২ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শহরটির ভবনগুলো পানিতে ডুবে আছে। শহরের বাসিন্দারা উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছেন। শাখালিনের গভর্নর ভ্যালরি লিমারেনকো বলেছেন, সুনামি সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে তাদের কেউই গুরুতর নয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার দূরপ্রাচ্যের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস এই ভূমিকম্পের ফলে বিশাল এলাকা জুড়ে সুনামির আশঙ্কা নিয়ে বলেন, এটি উদ্বিগ্ন হওয়ার মতো।
এদিকে, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে আঘাত হানছে সুবিশাল ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে ৫.৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ। উত্তর ক্যালিফোর্নিয়ার ক্রিসেন্ট সিটিতে ৩.৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো থেকে ওরেগন সীমান্ত পর্যন্ত এলাকায় সুনামি সতর্কতা বলবৎ রয়েছে। এর আগে উত্তর ক্যালিফোর্নিয়ার এরিনা কোভে ঢেউয়ের উচ্চতা ছিল ১.৬ ফুট; পরে তা বেড়ে ৩ ফুট হয় বলে জানায় সুনামি সতর্কতা কেন্দ্র। ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, অরেগন এবং আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এমনকি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপান, চিলি, পেরু, কোস্টারিকা এবং প্রশান্ত মহাসাগরের আরও কিছু দ্বীপপুঞ্জে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ফ্রেঞ্চ পলিনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মার্কেসাস দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে ১.১ থেকে ২.২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে ফ্রেঞ্চ পলিনেশিয়া কর্র্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডর এবং রাশিয়ায় ৯.৮ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। হাওয়াই, চিলি, পেরু, কোস্টারিকা, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ ভাসতে পারে ৩.৩-৯.৮ ফুট উঁচু ঢেউয়ে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস হাওয়াই রাজ্য, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশের জন্য সুনামি সতর্কতা জারি রেখেছে। পাশাপাশি ওয়াশিংটন রাজ্য এবং ওরেগনের কিছু অংশেও কম উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। হাওয়াই দ্বীপের হনলুলু ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাওয়াই, আলাস্কা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর বাসিন্দাদের সুনামি-সম্পর্কিত সতর্কবার্তার ওপর নজর রাখার আহ্বান জানিয়েছেন।
জাপানি কর্র্তৃপক্ষ জানিয়েছে, দেশের কিছু উপকূলীয় এলাকায় ৯.৮ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানার আশঙ্কা করছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খালি করে ফেলা হয়েছে। জাপানি গণমাধ্যম জানিয়েছে, গতকাল জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপে ১ ফুট উঁচু ঢেউ প্রথম আঘাত হানে। জাপানের বিভিন্ন উপকূল থেকে ২০ লাখের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, চীন, তাইওয়ানের মতো এশিয়ার দেশগুলোর পাশাপাশি লাতিন আমেরিকার পেরু, চিলি, কলম্বিয়া, কোস্টারিকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি গুয়াম, ফ্রেঞ্চ পলিনেশিয়ার মতো প্রশান্ত মহাসাগরীয় কিছু দেশও এই সতর্কতার আওতায় রয়েছে।
