নীতি সুদহার ১০ শতাংশ বহাল রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

গত জুনে মূল্যস্ফীতির হার কমে ৩৫ মাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬.৪০ শতাংশে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত করতে সুদহার কমানোর দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার (রেপো) অপরিবর্তিত রেখেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে রেপো হার ১০ শতাংশই বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি স্থায়ীভাবে ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত রেপো হার ১০ শতাংশই থাকবে। 

এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১.৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হবে।

মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আগামী জুনের মধ্যে গড় মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি ৫.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংক রেপো হার ০.৫০ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করে। রেপোর মাধ্যমে ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়। নতুন মুদ্রানীতিতে এসএলএফ হার আগের মতো ১১.৫০ শতাংশ রাখা হয়েছে। তবে গত ১৫ জুলাই এসডিএফ হার ০.৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক, পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক এবং মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত