কোম্পানির শেয়ার হস্তান্তর প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) কোম্পানি নিবন্ধনসহ সব ধরনের সেবাই অলনাইনে পাওয়া যাচ্ছে শুধুমাত্র শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বাদে। কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তর প্রক্রিয়াও যাতে অনলাইনে সম্পন্ন করা যায়, সে প্রক্রিয়ার জন্য কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আরজেএসসির নিবন্ধক একেএম নূরুন্নবী কবির।

গতকাল শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পরিচালনা পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভার গুরুত্ব এবং লিমিটেড কোম্পানির কমপ্লায়েন্স’ শীষর্ক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে নিবন্ধক একেএম নুরুন্নবী কবির এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

আরজেএসসির নিবন্ধক নুরুন্নবী কবির বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় পৌনে ৩ লাখ ব্যবসায়িকপ্রতিষ্ঠান আরজেএসসিতে নিবন্ধিত রয়েছে। কোম্পানি নিবন্ধনের প্রায় সব প্রক্রিয়াই অনলাইনে করা হয়। শুধুমাত্র কোম্পানির শেয়ার হস্তান্তরের বিষয়টি আনলাইন সেবার বাইরে আছে, যেটি ডিজিটাল কার্যক্রমের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত আছে। আশা করছি এর মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের জন্য ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, অনেক উদ্যোক্তাই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলেও সময়মতো বার্ষিক সাধারণ সভা ও অডিট রিপোর্ট প্রণয়ন না করার কারণে কমপ্লায়েন্স অনুসরণে ব্যর্থ হন। যেটি তাদের আরজেএসসিতে নিবন্ধন সহ অন্যান্য সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করে। বিশেষ করে সরকারের সব সেবা প্রাপ্তির পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে কমপ্লায়েন্স মেনে চলা উচিত।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও শিল্প খাতের বিকাশের সঙ্গে সঙ্গে লিমিটেড কোম্পানি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে।

তিনি বলেন, অনেক উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কোম্পানি আইন, গঠনতন্ত্র বা কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয়ের জটিলতা সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, যা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্মশালাটি পরিচালনা পর্ষদ সভা, বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা প্রভৃতির গুরুত্ব, সময়মতো এবং সঠিকভাবে সম্পন্ন করার পদ্ধতি, কোম্পানি আইনের আওতায় প্রয়োজনীয় কমপ্ল্যায়েন্স বজায় রাখার কৌশল এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করবে।

আর্টিসান চাটার্ড অ্যান্ড অ্যাকাউন্টস-এর পার্টনার মো. সেলিম রেজা এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড এসোসিয়েটস-এর প্রধান নির্বাহী কমকর্তা ও লিড কনসালটেন্ট মোহাম্মদ সানাউল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে তারা বলেন, সব ধরনের ব্যবসায়িকপ্রতিষ্ঠানকে আইন ও বিধিনিষেধ মেনে চলা আবশ্যক এবং বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে ব্যবসায়ে কমপ্লায়েন্স বজায় রাখার কোনো বিকল্প নেই।

তারা উল্লেখ করেন, নিয়মকানুন মেনে চললে সব ধরনের অনিয়ম ও অপব্যবহার রোধ করা সহজতর হবে এবং সেই সঙ্গে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কোম্পানি আইন ১৯৯৪-এর সংস্কার ও যুগোপযোগীকরণের কোনো বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত