টাকা এদিক-ওদিক করতে কিছু লোক ইন্ডাস্ট্রি করেছেন

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন। যাতে টাকা পয়সা এদিক থেকে ওই দিক করতে পারে। তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, বিদেশে পালিয়ে গেছে। তবে দেশে অনেক বড় বড় গ্রুপ আছে, ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ডার হয়নি। বেতন ঠিকভাবে দিচ্ছেন।’

গতকাল শনিবার সকালে রাজশাহীতে অবস্থিত ন্যাশনাল অক্যুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (নস্ট্রি)-এর নস্ট্রির সভাকক্ষে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, শুধু রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা হলে চলবে না। প্রতিটি স্তরেই এই চর্চা হতে হবে। শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা কেন্দ্রীক ভাবনা থেকে বেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত ওএসএইচ গবেষণা সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শ্রমিকের অধিকার নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রম খাতের উন্নয়নে আমাদের সব স্টেকহোল্ডারদের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক শ্রমিকের অধিকার রয়েছে শোভন কর্মপরিবেশে কাজ করার এবং দিনশেষে নিরাপদে ও সুস্থভাবে ঘরে ফেরার। আমাদের তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। 

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও’র টেকনিক্যাল স্পেশালিস্ট (লেবার ইন্সপেকশন অ্যান্ড ওএসএইচ) রন জনসন। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রফেসর ড. রেহানা খানম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, শ্রমিক নেতারা, শিল্পপ্রতিষ্ঠান মালিক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীসহ ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এতে ১১টি রিভিউকৃত গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং ওএসএইচ খাতের মূল চ্যালেঞ্জসমূহ ও উদ্ভাবনী সমাধান নিয়ে বিশ্লেষণধর্মী প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত