চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম

ইরানের সামনে চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি। আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি। আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন।

পরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছান। লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তিনজন একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন। ইরানের প্রেসিডেন্টের এই সফর উপলক্ষে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান ও ইরানের পতাকায় সজ্জিত করা হয়। পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

এদিকে, ইসরায়েল থেকে আসা হুমকি এখনো বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন সেনাপ্রধান। হাতামি বলেন, এক শতাংশ হুমকিকে ১০০ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের শত্রুকে অবমূল্যায়ন করা উচিত নয় বা তাদের হুমকিকে শেষ বলে ধরে নেওয়া যাবে না। তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি অক্ষত রয়েছে এবং অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত