৯ হত্যা মামলা

গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালালেন আ. লীগ নেতা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন ৯টি হত্যা মামলার আসামি ও ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। এ ঘটনায় ওই এলাকায় আলোচনা ঝড় বইছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়- বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদ। উল্লেখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, আব্দুল মজিদ ৯টি হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত