শ্রদ্ধা-সংকল্পে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৩:০২ এএম

সারা দেশে শ্রদ্ধা আর দৃঢ় সংকল্পে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বিজয় শোভাযাত্রা, চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর

খুলনা : সকালে নগরীর শিববাড়ী মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারাসহ প্রশাসনের কর্মকর্তারা। এদিন দিনভর নগরীর শিববাড়ী মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তার মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে নগর ভবনে সিটি করপোরেশনের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, ‘জুলই গণঅভ্যুত্থান একটি গণআন্দোলনই নয়, এটি একটি পুনর্জাগরণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অর্জন ধরে রাখতে হবে।’

রাজশাহী : সকাল ৯টায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নগরীর সিঅ্যান্ডবি মোড় চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন শুরু হয়। তা ছাড়া জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি ও জামায়াত দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দিবসটি গুরুত্ব দিয়ে পালন করা হয়।

বরিশাল : সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার বলিয়ানপাড়া, চড়াদী ইউনিয়নে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় বরিশাল নগরীর আমতলা মোড়ে গ্রাফিতি উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বেলা ১১টায় বিএনপি বাকেরগঞ্জ উপজেলার ডাকবাংলো থেকে বিজয় মিছিল বের করে।

ময়মনসিংহ : সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর দীঘারকান্দা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন, রাজনৈতিক-সামাজিক সংগঠন, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় জুলাইকে স্মরণ করে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। আগামীতে বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী অর্থনীতির বাংলাদেশ দেখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এরপর নগরীর টাউন হলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে উপস্থিত হন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে বিএনপি নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে এবং জামায়াতে ইসলামী নগরীর রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বর থেকে বিজয় মিছিল বের করে।

মুন্সীগঞ্জ : সকালে শহরের দক্ষিণ কোর্টগাঁও লিচুতলা এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ ও আহতদের পরিবারদের সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এরপর জেলা শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে বিজয় মিছিল বের করে জেলা বিএনপি। এ ছাড়া শহরের উত্তর ইসলামপুর এলাকায় দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করে নবজোয়ার সংঘ।

গাজীপুর : সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় জনগণ ও প্রশাসন। পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়। এ ছাড়া দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর প্রেস ক্লাব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কুমিল্লা : সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ মানুষ ন্যায় ও অধিকারের কথা বলার সাহস পাচ্ছে। অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

পটুয়াখালী : সকাল ৯টায় শহরের মহাশ্মশানে শহীদ হৃদয় তরুয়া ও হেতালিয়া বাঁধঘাটে শহীদ বাচ্চু হাওলাদারের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়।

নারায়ণগঞ্জ : সকাল সাড়ে ৯টায় শহরের হাজিগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ। এরপর জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

বগুড়া : সকাল ৯টায় শহরের নামাজগড় গোরস্তানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদারীপুর : সকাল ৯টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সুচিয়ারভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াসিমন আক্তার, পুলিশ সুপার নাঈমুল হাছান প্রমুখ। এরপর সকাল ১০টায় সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা হয়।

মাগুরা : সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলন হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাগুরার ১০ জন জুলাই শহীদ পরিবারের সদস্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

নীলফামারী : সকালে নীলফামারীর চার শহীদ রুবেল ইসলাম, নাঈমবাবু, সাজ্জাদ হোসেন ও আবুল কালামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের কর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যসহ জুলাই আন্দোলনে আহতরা উপস্থিত ছিলেন।

ফেনী : সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়।

পঞ্চগড় : সকালে সদর উপজেলার চাকলাহাটে শহীদ সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ ও আহতদের সম্মিলন হয়।

জয়পুরহাট : দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সম্মিলন, পথশিশুদের মধ্যে পোশাক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

হবিগঞ্জ : সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

রাজবাড়ী : সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা দেওয়া হয়।

গোপালগঞ্জ : সকালে জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের সাত শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

খাগড়াছড়ি : সকালে রামগড় উপজেলার নাকাপা বাজার এলাকায় জুলাই শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত