আগামী ১২ আগস্ট দুই দলকে দুই দেশের দুই মাঠে ভিন্ন দুই প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আবাহনী ঘরের মাঠে খেলবে কিরগিজ চ্যাম্পিয়ন এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে। আর কাতারের দোহায় বসুন্ধরা কিংসকে খেলতে হবে সিরিয়ার আল-কারামাহ’র বিপক্ষে। প্রবল দুই প্রতিপক্ষের মোকাবিলার আগে দেশের অন্যতম সেরা দুই দল অনেকটা নিভৃতে মুখোমুখি হয়েছিল মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। ৭০ মিনিটের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বসুন্ধরা জিতেছে ২-১ ব্যবধানে। দলটির হয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। আর পুরনো ক্লাবের বিপক্ষে গোল করে আকাশি-হলুদ জার্সিতে অভিষেক হয়েছে শেখ মোরসালিনের।
প্লে-অফে দুই প্রতিপক্ষই বসুন্ধরা ও আবাহনীর চেয়ে ধারে-ভারে অনেক এগিয়ে। তারপরও নিজেদের প্রস্তুত করছে দুদল। গতবারের লিগ রানার্স আপ আবাহনী চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে। পাশাপাশি কিংস থেকে দলে টেনেছে জাতীয় দলের ফরোয়ার্ড মোরসালিন ও বাংলাদেশ পুলিশের স্ট্রাইকার আল আমিনকে। ব্রাজিল যুব দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে বসুন্ধরা। এছাড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজকে ফেরানোর পাশাপাশি আবাহনীর পরীক্ষিত ফরোয়ার্ড রাফায়েল আগুস্তো ও অধিনায়ক মোহাম্মদ হৃদয়কে দলে টেনেছে ক্লাবটি।
