দেশের আর্থিক খাতে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। গত সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রযুক্তি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন, ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। ভিসার নতুন সেবা প্রদর্শন করেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।
২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে ভিসা।
