মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এর পুরস্কার পাওয়ার মাত্র কয়েক দিন পরেই এক বিশেষ কারণে শিরোনামে উঠে এসেছেন বলিউডের সিনিয়র অভিনেত্রী কাজল দেবগন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী হিন্দিতে কথা বলতে অস্বীকৃতি করছেন, যার ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৫ আগস্ট ছিল কাজলের ৫১তম জন্মদিন। নিজের জন্মদিনে, মুম্বাইতে অনুষ্ঠিত মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ রাজ কাপুর পুরস্কারে সম্মানিত হন এই লাস্যময়ী। পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাজল মারাঠি এবং পরে ইংরেজিতে কথা বলছেন, পুরস্কার পেয়ে
কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং এটিকে ‘কোনো বড় ব্যাপার নয়’ বলে মনে করছেন।
এ সময় যখন একজন সাংবাদিক তাকে হিন্দিতে তার বক্তব্য পুনরাবৃত্তি করার অনুরোধ করেন, কাজল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘এখন আমি হিন্দিতেও বলব!’ তিনি আরও যোগ করেন, ‘যারা বোঝার, তারা ঠিক আমার কথা বুঝে যাবে।’
এরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তার এই প্রতিক্রিয়ার জন্য তাকে সমালোচনা করছেন। একজন লিখেছেন, ‘কেন এরা ভুলে যায় যে এটি ভারতীয় সিনেমা এবং হিন্দি সিনেমাই যা, তাকে তার তারকা খ্যাতি দিয়েছে।’ আরেকজন লেখেন, ‘কেন সে হিন্দি ছবিতে কাজ করছে, তার তো শুধু মারাঠি ছবিতে কাজ করা উচিত। যদি তারা হিন্দিকে সম্মান না করে এবং ঘৃণা করে তাহলে তাদের হিন্দি ছবি করা উচিত নয়।’
অনেকে আবার কাজলের মারাঠিতে কথা বলার সমর্থন করেছে, কারণ এটি একটি মারাঠি পুরস্কার অনুষ্ঠান ছিল, তবে বেশিরভাগই মনে করছে যে তিনি সাংবাদিকদের প্রতি আরও সদয় হতে পারতেন।
