নেত্রকোনায় নির্বাচনের ফলাফলে পরাজিত হয়ে মামলা করার দীর্ঘ তিন বছর সাত মাস পর ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন বিএনপি নেতা আবু তাহের আজাদ। গতকাল নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বিজয়ী ঘোষণা করেন। তিনি মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ ৫ হাজার ২২৬ ভোট পেয়েছেন, আর আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১৯১ ভোট। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। বৃহস্পতিবার পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে আদালত।
