ইসরায়েলের আরও ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:০৩ এএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। গতকাল শনিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে। বিভাগটির মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মোসাদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করা হবে না এবং কঠোর বিচারের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করা হবে।

গত বুধবার রুজবেহ ভাদি নামে এক পরমাণুবিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অন্য এক পরমাণুবিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্তিক হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীকে হত্যা করে তারা। ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত