ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা কর্তৃক ফিলিস্তিনের গাজা সিটি দখল করে নেওয়ার প্রস্তাবে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ জানান।
এটাকে তিনি যুদ্ধাপরাধী নেতানিয়াহু চক্রের উলঙ্গ আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে সাইফুল হক বলেন, গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে ইতিমধ্যে তারার গাজাসহ ফিলিস্তিনের ৭০ হাজারের বেশি মানুষকে তারা বর্বরোচিতভাবে হত্যা করেছে। কয়েক লাখ মানুষকে পঙ্গু করে দিয়েছে। এর অধিকাংশ হচ্ছে নারী ও শিশু। একবিংশ শতাব্দীর এই লাইভ গণহত্যায় প্রতিদিন পায় শতাধিক শিশু, নারী, পুরুষ নিহত ও আহত হচ্ছে। এই বিভৎসতা রীতিমতো অবিশ্বাস্য ও অকল্পনীয়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সব রীতিনীতি পদদলিত করে ইসরায়েল এই আগ্রাসন ও গণহত্যা সংঘটিত করে আসছে। মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক ও অর্থনৈতিক মদদেই এই নারকীয় গণহত্যা চলছে। এখন গাজা সিটি দখলের পরিকল্পনাতেও মার্কিন ট্রাম্প প্রশাসনের এক ধরনের সম্মতি রয়েছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে সরে আসতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকেও ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
