আইনজীবী আলিফ হত্যা মামলা অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৫ আগস্ট

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

রাষ্ট্রপক্ষের আপত্তি থাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি পিছিয়ে আগামী ২৫ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রবিবার  (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ বাদীর উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ৫ মে আদালত চিন্ময় দাসকে আইনজীবী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জন আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য ছিল রবিবার (১০ আগস্ট)। রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এক আসামির জবানবন্দিতে সুকান্ত নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা উঠে এলেও সঠিক নাম-ঠিকানা না পাওয়ার কারণে তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে মৌখিকভাবে রাষ্ট্রপক্ষ আপত্তি জানানোর পর আদালত ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান বলেন, চিন্ময়ের উসকানি ও নির্দেশে আইনজীবীকে হত্যা করা হয়েছে। এ জন্য মামলায় তাকে আসামি করা হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা দায়ের হয়। ওই মামলায় গত বছরের ২৫ নভেম্বর চিন্ময়কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত