রোনালদোর জোড়া গোলেও আল নাসরের পরাজয়!

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম

বল পায়ে গোল করেই চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু তার দল আল নাসর যেন তাল মেলাতে পারছে না। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ লা লিগার ক্লাব আলমেরিয়ার কাছে আল নাসর হেরেছে ৩-২ গোলে। আল নাসরের দুটি গোলই করেছেন রোনালদো। যদিও প্রথমার্ধের পর তাকে বিস্ময়করভাবে উঠিয়ে নেওয়া হয়।

রবিবার রাতে আলমেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে সাবেক আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লিও ব্যাপটিস্টাওয়ের পাস থেকে গোল করে আলমেরিয়াকে এগিয়ে দেন সাবেক রিয়াল মিডফিল্ডার সোর্হিও আরিবাস। অবশ্য গোল শোধ করতে সময় নেননি রোনালদো। ১৭তম মিনিটেই জোয়াও ফেলিক্স ও সাদিও মানের সমন্বয়ে গড়া এক চমৎকার আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সিআর সেভেন।

৩৯ মিনিটে রোনালদোর পেনাল্টি শট থেকেই ব্যবধান দ্বিগুন করে আল নাসর। ৪ মিনিট পরই আল-নাসর গোলরক্ষক নাওয়াফ আলাকিদির মারাত্মক ভুলে দেওয়া পাস থেকে আদ্রির অসাধারণ এক লব শটে ম্যাচে সমতা ফেরায় আলমেরিয়া। এরপরও বিস্ময়করভাবে হাফটাইমের পর রোনালদোকে উঠিয়ে সৌদি আরবের মিডফিল্ডার আলি আল হাসানকে নামান আল নাসর কোচ।

বিরতির পর ৬১ মিনিটে সেই আদ্রির দারুণ এক গোলে এগিয়ে যায় আলমেরিয়া। সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। গত জুলাইয়ে চেলসি থেকে ৪৩.৭ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া ফেলিক্স এখনো আল-নাসরের হয়ে তিন ম্যাচে গোল করতে পারেননি। দুইবারের আফ্রিকান বর্ষসেরা সাদিও মানে ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে ক্রসবারে বল মারেন। আলমেরিয়ার ১৩টি শটের ১১টিই লক্ষ্যে ছিল!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত