দিনের মোট ডেঙ্গু রোগীর ৩০% রাজধানীতে

নতুন রোগী ৪৩৪, মৃত্যু ১

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম

গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর ৩০ শতাংশ বা ১৩২ জনই ছিল রাজধানীতে। এরপর ৭ শতাংশ করে রোগী ছিল বরগুনা ও চট্টগ্রামে। বাকি ৫৬ শতাংশ রোগী ছিল ৩৫ জেলায়।

এমনকি এ সময় দিনের সর্বোচ্চ ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় ঢাকা বিভাগে, যা দিনের মোট রোগীর ১৮ শতাংশ। এতদিন বরিশাল বিভাগে সর্বোচ্চ রোগী থাকলেও গতকালই প্রথম তা টপকে শীর্ষে চলে যায় ঢাকা বিভাগ। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ শতাংশ বা ৬৭ জন ও বরিশাল বিভাগে ১৪ শতাংশ বা ৬২ জন রোগী ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪৩৪ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। পরে রাজধানীতেও রোগী বাড়তে থাকে। একপর্যায়ে এ দুই জেলায় প্রায় সমান হারে রোগী দেখা দেয়। কিন্তু এক সপ্তাহ ধরে বরগুনার চেয়ে রাজধানীতে রোগী বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে তিন দিন ধরে বরগুনার চেয়ে রাজধানীতে গড়ে দেড় থেকে দ্বিগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে গত শনিবার দিনের মোট রোগীর ২৯ শতাংশ রাজধানীতে ও ১৩ শতাংশ বরগুনায় ভর্তি হয়। এরপর গত রবিবার রোগী ভর্তির হার ছিল যথাক্রমে ১৮ শতাংশ ও ১০ শতাংশ এবং গতকাল রাজধানীতে রোগী আরও বেড়ে ৩০ শতাংশ হয়। এদিন বরগুনায় রোগী ছিল মাত্র ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ছিল ঢাকা দক্ষিণ সিটিতে ৯৩, রাজশাহী বিভাগে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৩৯, খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ৮ ও সিলেট বিভাগে ২ জন। নতুন রোগীদের মধ্যে ২৫৯ জন বা ৬০ শতাংশ ছিল পুরুষ ও ১৭৩ জন বা ৪০ শতাংশ নারী।

এ সময় নতুন করে ডেঙ্গুতে আরও একজন মারা যান। মারা যাওয়া রোগী ২৭ বছর বয়সী একজন নারী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১০২ জন মারা গেলেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত