পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘বাংলাদেশের সংস্কারের নামে অসংখ্য কমিশন হয়েছে। বাংলাদেশে বহু জাতি আছে, বহু সংস্কৃতি আছে, তাদের অনেক আবেদন-নিবেদন আছে। কিন্তু সেগুলোকে প্রাধান্য না দিয়ে কাজ করা হচ্ছে। সরকার সব পক্ষকে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক বাস্তবতার কথা বলছে, সেটা আমরা এ ক্ষেত্রে দেখতে পারছি না।’
আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে আয়োজিত যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশ একটি বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু জাতির দেশ। এ দেশে বহু ভাষাভাষীর মানুষ বসবাস করে। এই দেশে বাংলা জাতিসহ ৫২টি জাতি বসবাস করে। এতে বোঝা যায় বাংলাদেশ একটা বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতির দেশ। তাহলে সব ভাষাভাষী, জাতিকে নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে চলতে হবে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের বাস্তবতা যাতে আমরা দেখতে পারি, সেটা যেন শুধু কাগজ কিংবা মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কিন্তু এখানে অন্তর্ভুক্তিমূলক বাস্তবতা আমরা দেখতে পাই না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকদের মধ্যে তথ্যপ্রযুক্তি সচেতন হতে হবে। প্রযুক্তির যেমন পজিটিভ দিক আছে, তেমনি এর অপব্যবহারের মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাবও পড়ে। পার্বত্য চট্টগ্রামে দুর্বল নেটওয়ার্ক প্রযুক্তিনির্ভর যুবশক্তি গঠনে অন্যতম প্রধান বাধা। এ বাধা দূরীকরণে সরকারের ভূমিকা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
