পাঁচবিবির সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ৫ জন নারী-পুরুষকে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক বাংলাদেশি নাগরিকদের বুধবার (১৩ আগস্ট) দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।

দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের মুরাদ মোড়ল (৩০), সাগরিকা বেগম (২৫), রমজান মোড়ল (৮) ও মো. মুসকান মোড়ল (৫) এবং মোছা. আমেনা মোড়ল (২)। 

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা প্রেসবিজ্ঞপ্তিতে জানান।

এদিকে কয়া ক্যাম্প কমান্ডার সু্বেদার আলাউদ্দিন জানায়, গত মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে ২৭১ মেইন পিলারের ৫৪ এস পিলার এলাকায় বৃষ্টির মধ্যেই তাদেরকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিজিবির হাতে তুলে দেন। পরে তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫ জন শিশু, ও নারী-পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত