প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ

হাসিনা-রেহানা টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম

পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির আরও তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার তিন সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলার বাদীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ মো. রবিউল আলম আদালতে মামলার বাদীরা সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছে। গতকাল আদালতে যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান।

এর আগে গত ১১ আগস্ট পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের এই তিন কর্মকর্তা সাক্ষ্য দেন। গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার দুই সন্তান এবং শেখ রেহেনা ও তার তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক মো. রবিউল আলম ও বিশেষ জজ-৫ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মামলার আসামিরা পলাতক থাকায় ওই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

শেখ পরিবারের সদস্য ছাড়াও এই তিন মামলায় অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে, মেয়ে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়েদের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ১২ জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত