খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিলের কর্মসূচি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানিয়ে বলা হয়, কেন্দ্রীয়ভাবে শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী আরও জানান, ‘আগামী ১৫ আগস্ট গণতন্ত্রের মা খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোওয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।

১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিন দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।

বিএনপি নেতাকর্মীরা এক সময় ১৫ আগস্ট ঘটা করে কেক কেটে তাদের নেত্রীর জন্মদিন পালন করতেন কিন্তু ২০১৬ সালে থেকে তারা দলীয়ভাবে কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোওয়া মাহফিল করে আসছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছর  অসুস্থতার মধ্যে থাকায় তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পরিচর্চায় চিকিৎসাধীন আছেন। নেতাকর্মীদের তিনি সাক্ষাৎ দেন না। তবে দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত