ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

ঝিনাইদহ সদর উপজেলার দরিগোবিন্দপুর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব উদ্দিন  (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন তিনজন। বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) ও কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের প্রথমবর্ষের ছাত্র ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বওড়াতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন।

স্থানীয়রা তাদের সদর হাসপাতালে ভর্তি করে। পরে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব মারা যান। এছাড়া ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরাফাত হোসেন মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অতিরিক্ত গতিতে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত