নিজেদের মধ্যে ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি জ্যোতিদের

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম

সামনে বিশ্বকাপ, অথচ তার আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। তাই শেষ পর্যন্ত নিজেদের মধ্যে খেলেই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগামী মাসের আইসিসি উইমেনস ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিসিবি আয়োজন করছে উইমেনস চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।

নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে দুটি দল আর ছেলেদের একটি অনূর্ধ্ব-১৫ দল নিয়ে চলবে এই টুর্নামেন্ট। সোমবার থেকে শুরু হওয়া আসরটির সব ম্যাচই হবে বিকেএসপিতে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। আসর শেষ হবে ২৮ আগস্ট। বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচগুলো।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে এক মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় নারী দল। এরপর কয়েক দিনের বিরতি শেষে এখন ক্যাম্প চলছে বিকেএসপিতে। গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের চেষ্টা করেও নানা কারণে পারা যায়নি বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিকল্প হিসেবে এই উইমেনস চ্যালেঞ্জ কাপ। মান নিয়ে সংশয় থাকলেও এছাড়া আর কোনো উপায় পায়নি বিসিবি।

এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ২ অক্টোবর আসর শুরু করবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের এটি দ্বিতীয় অংশগ্রহণ। গত আসরে ২০২২ সালে নিউজিল্যান্ডে সাত ম্যাচে নারীদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষেই।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত