জন্মাষ্টমীর শোভাযাত্রায় ডিএমপির চলাচল ও নিরাপত্তা নির্দেশনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:০০ এএম

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রা আগামীকাল শনিবার (১৬ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই শোভাযাত্রার কারণে কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোভাযাত্রা শুরু হবে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। এরপর এটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহিদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।

গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী ও সাধারণ মানুষের জন্য কয়েকটি নিরাপত্তা ও আচরণ নির্দেশনা দেওয়া হয়েছে। শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না এবং উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানোও নিষিদ্ধ। অংশগ্রহণকারীরা মাঝপথে যোগ দিতে পারবেন না, শুরু থেকেই শোভাযাত্রায় থাকতে হবে।

শোভাযাত্রায় হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন করা যাবে না। এছাড়া ফলমূল ছোড়া, অকারণে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু লক্ষ্য করলে পুলিশকে জানানোর বিষয়গুলো অবশ্যই মানতে হবে।

শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা এবং ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহযোগিতা করাও জরুরি। ডিএমপি জানিয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে সবার সহযোগিতা কামনা করছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত