টেকনাফে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, আটক ৬

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম

আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল পালন করায় ৬ নেতাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদের এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনো প্রমুখ।

অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয় বলে জানান তিনি।

আটকদের নাম ওসি না জানালেও বিভিন্ন সূত্র ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি জাবেদ ইকবাল, উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব মোশেদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহবুব রনি, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান।

ওসি জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত