নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারী গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:২২ এএম

যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা সম্ভবত কোনো না কোনো কারণে নিজেদের কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলছে, যাতে নির্বাচন বিলম্বিত করা যায়, বানচাল করা যায় বা নির্বাচন অনুষ্ঠিত না হয়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।’ গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনায় যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচনের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেজন্য ঐক্যবদ্ধ থাকি, আলাপ-আলোচনা করি এবং গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।’

যে দেশে খালেদা জিয়ার মতো নেত্রী আছেন, সে দেশ কখনো পথ হারাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া জীবনের চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আজও দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন। গণতন্ত্র পুনর্নির্মাণ করতে হলে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এ ঐক্যকে শক্তিতে রূপান্তর করতে হবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সব বিষয়ে দিকনির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশ দিয়েছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করতে হবে। তার নির্দেশনা অনুযায়ী আমরা সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি এবং সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। গোটা জাতি এই গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব গ্রহণ করেছেন। আমরা গত ১৬-১৭ বছর ধরে অবিরাম গণতান্ত্রিক সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করতে চাই এবং সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, তাহলে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে শক্তিতে রূপান্তর করতে হবে।’

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত