নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। নিলামে মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। জেলে ও কোরালটির ক্রেতা সূত্র এ খবর নিশ্চিত নিশ্চিত করেছে।
হাতিয়ার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগর সংলগ্ন নিঝুমদ্বীপ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জেলে, রাশেদ মাঝির জালে শুক্রবার রাতে কোরাল মাছটি ধরা পড়ে। শনিবার (১৬ আগস্ট) সকালে তিনি মাছটি নিয়ে আসেন নিঝুমদ্বীপের নামার বাজারের ইব্রাহিম মৎস্য আড়তে। সেখানে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিএনপি নেতা মো. ইব্রাহিম মাছটি কিনেন।
ইব্রাহিম মৎস্য আড়তের ম্যানেজার মো. সোহেল জানান, জেলে রাশেদ জীবনে প্রথম এত বড় কোরাল মাছ ধরেছেন। মাছটির ওজন ছিল ২৭ কেজি ৭০০ গ্রাম। আমাদের এলাকায় প্রায়ই ১৭ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়লেও এই বছর এই প্রথম এত বড় কোরাল ধরা পড়ল।
মাছটির ক্রেতা ইব্রাহিম বলেন, সাধারণত এত বড় কোরাল পাওয়া যায় না। মানুষ বড় কোরাল মাছই বেশি পছন্দ করে। আশা করি, মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, হাতিয়া ও নিঝুমদ্বীপ মেঘনা নদীবেষ্টিত এলাকা। এখানকার জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় সময় বড় বড় মাছ ধরা পড়ে এবং দামও ভালো মেলে। সরকারের জারি করা মাছ সংরক্ষণের বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় নদীতে বড় মাছের সংখ্যা বেড়েছে।
