মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলা বাশঁকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আব্দুর রহমান উপজেলা বাশঁকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি পার্শ্ববর্তী পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমামতি করতেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ ইমামতি করার জন্য রওনা হন। এসময় স্থানীয় জব্বার শিকদার বাড়ি সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
