রামপুরায় লরিচাপায় প্রাণ গেল বেসরকারি চাকরিজীবীর

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম

রাজধানীর রামপুরায় তেলের লরির চাপায় নাজমুল ইসলাম (৪৬) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। তিনি প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. ইকবাল হোসেন জানান, নাজমুলের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার নারায়ণপুর গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া এলাকায় থাকতেন। তিনি আরও জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেলে করে গুলশানে অফিসে যাচ্ছিলেন নাজমুল। রামপুরা ব্রিজের ওপর উঠলে একটি তেলবাহী লরির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে থানা-পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত