শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শিক্ষক পদে নিয়োগ সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের কাছে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফল হস্তান্তর করেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান কর্র্তৃক চাহিদা প্রদান এবং নির্ধারিত যোগ্যতা অনুযায়ী নিয়োগ সুপারিশের সমগ্র প্রক্রিয়াটি অধিক স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন হয়েছে।

নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফল এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ নামক সেবা বক্সে এবং নির্ধারিত লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফল দেখতে পারবেন। একইভাবে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত