হাসিনাসহ চারজনের প্রকাশ্য ফাঁসির দাবি চিকিৎসকের

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন। আন্দোলন চলাকালীন হাসপাতালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শেখ হাসিনাসহ চারজনের প্রকাশ্য ফাঁসির দাবি জানান।

বুধবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই চিকিৎসক সাক্ষ্য প্রদান করেন।

তার বক্তব্যে উঠে আসে, আন্দোলনের সময় মাথায় গুলি লেগে আহতরা হাসপাতালে এলে ডিবি পুলিশ চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকতে বলেন। এমনকি ডিবির পক্ষ থেকে হাসপাতালকে জানানো হয়, নতুন করে যেন কোনো গুলিবিদ্ধ আন্দোলনকারীকে ভর্তি না করা হয়।

অধ্যাপক মাহফুজুর রহমান অভিযোগ এনে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও আরাফাত এ রহমানের দৃশ্যমান ফাঁসি দাবি করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। এ মামলায় এ পর্যন্ত মোট ১৩ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দি শেষে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করবেন।

এই মামলার প্রথম সাক্ষী ছিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। তিনি গত ৩ আগস্ট সাক্ষ্য দেন। এরপর ৪ আগস্ট পঙ্গু শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও দিনমজুর পারভীন নিজেদের ক্ষত-বিক্ষত অবস্থার বিবরণ দিয়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ৬ আগস্ট প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু ও একেএম মঈনুল হক সাক্ষ্য দেন।

এরপর ১৭ আগস্ট জবানবন্দি দেন সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম। আর ১৮ আগস্ট সাক্ষ্য দেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন।

এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে শহীদদের তালিকা, তথ্যসূত্র, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ সংযুক্ত রয়েছে। এ মামলায় মোট ৮১ জন সাক্ষীকে উপস্থাপনের কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত