নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, এর জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বিচিত্র ও ব্যাপক তথ্যকে মূলধারায় আনা এবং সরকারি পরিসংখ্যানের সঙ্গে সমন্বয় করা।
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজনে দুদিনব্যাপী ১৯তম জাতীয় পরিসংখ্যান সম্মেলন-২০২৫ বক্তারা এ মন্তব্য করেন।
আয়োজকরা জানান, সম্মেলনের মাধ্যমে গবেষক, পরিসংখ্যানবিদ ও নীতিনির্ধারকদের একত্রিত করেছে। এতে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে পরিসংখ্যানের শক্তিশালী ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. শাহজাহান খান।
সম্মেলনের এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ‘ডেটা সায়েন্সের মাধ্যমে সরকারি পরিসংখ্যানের অগ্রগতি : ঐতিহ্য ও উদ্ভাবনের সেতুবন্ধ’। এর মাধ্যমে গুণগত পদ্ধতির সঙ্গে আধুনিক তথ্য বিজ্ঞানকে সমন্বিত করে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও জাতীয় উন্নয়নকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সমিতির সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসএ মহাসচিব ড. দীপঙ্কর রায়।
বক্তারা বলেন, নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে ডেটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রধান চ্যালেঞ্জ হলো বিচিত্র ও ব্যাপক ডেটাকে মূলধারায় আনা এবং সরকারি পরিসংখ্যানের সঙ্গে সমন্বয় করা। তারা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে পরিসংখ্যানবিদ, ডেটা সায়েন্টিস্ট ও পেশাজীবীরা একত্রে কাজ করতে পারবেন, যে ভূমিকা পালনে বিএসএ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সম্মেলনের মাধ্যমে তা আরও অগ্রসর হবে।
দুদিনব্যাপী সম্মেলনের ১০টি অধিবেশনে ২টি প্রবন্ধ, ২৪টি বক্তব্য এবং ৯৬টি গবেষণাপত্র উত্থাপিত হবে। যেখানে পরিসংখ্যান পদ্ধতি, সরকারি পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া উন্নয়ন সহযোগীরা বিশেষ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করবেন।
