কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা শাহআলম মাঝি বলেন, সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহ দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা আর কাউকে হাত না দিয়ে পুলিশকে খবর দিই।

খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত