বগুড়ার শেরপুরে ঘাস আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে লিপি আক্তার (৩৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার ইটালীপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে লিপি আক্তার ঘাস কাটতে মাঠে যান। টানা বৃষ্টির কারণে মাঠজুড়ে পানি জমে ছিল। আব্দুল মোনেম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়ে থাকায় ডোবাটি বিদ্যুতায়িত হয়ে ছিল। ঘাস কাটার জন্য ডোবার পাশে নামামাত্র বিদ্যুতায়িত হন লিপি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
