কুমিল্লার নাঙ্গলকোটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এলজিসহ এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার দৌলখাঁড ইউনিয়নের বাম (মজুদারপাড়া) গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম আজিম মাহমুদ খোকন (৪৪)। তিনি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আজিম মাহমুদ নিজেকে যুবদলের নেতা বলে পরিচয় দিয়ে আসছিলেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম-নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সদস্যদের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে আজিম মাহমুদের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, অস্ত্র আইনে মামলার পর আজিম মাহমুদকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজিম মাহমুদের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
