কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগে সায়েম (২২) নামের এক এক তরুণকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।
পুলিশ জানায়, নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২২ আগস্ট) রাতে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সায়েমের বাড়ি রংপুর জেলায়। তিনি পরিবারের সঙ্গে কুমিল্লা সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সায়েম ‘জান্নাত ফুড’ নামের একটি কারখানা থেকে চাঁদা নিতে গেলে কর্মীরা তাকে আটকে রেখে মারধর করেন। পরে সায়েমের সহযোগীরা সেখানে গিয়ে গোলমাল শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন সায়েমকে পুনরায় মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “নিহত সায়েম বিসিক এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। ঘটনার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে তদন্ত চলছে।”
