দলের সবচেয়ে বড় সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে তার অনুপস্থিতিতে আরেক আর্জেন্টাইন হয়ে উঠলেন নায়ক। ২২ বছর বয়সী মিডফিল্ডার বালতাসার রদ্রিগেজের দুর্দান্ত ভলিতে সি ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি।
শনিবার রাতে ওয়াশিংটনে মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে জ্যাকসন হপকিন্সের গোলে এগিয়ে গিয়েছিল ডিসি ইউনাইটেড। কিন্তু ৬৩ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় স্বাগতিক রক্ষণভাগ। ডি–বক্সের বাইরে বল পেয়ে এক ঝটকায় দুর্দান্ত ভলি নেন রদ্রিগেজ। গোলরক্ষক লুইস বারাসাকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। এই গোলেই সমতায় ফেরে ইন্টার মায়ামি।
রেসিং ক্লাবের একাডেমি থেকে উঠে আসা রদ্রিগেজকে চলতি মৌসুমেই ধারে দলে টেনেছে ইন্টার মায়ামি। তবে ইনজুরির কারণে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে অভিষেকেও চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল এই তরুণকে। অবশেষে সুস্থ হয়ে ফিরেই দলকে রক্ষা করলেন স্মরণীয় এক গোলে।
এই ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে থাকা ইন্টার মায়ামি প্লে–অফের পথে আছে। বিপরীতে ডিসি ইউনাইটেড পড়ে আছে সবার নিচে। আগামীতে মায়ামির বড় পরীক্ষা হবে লিগস কাপের সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। সেই ম্যাচেই দলে ফিরবেন মেসি ও জর্দি আলবা। কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, ভ্রমণক্লান্তি এড়াতেই মেসিকে বিশ্রামে রাখা হয়েছে।
অসাধারণ ফ্রি কিকে ডি মারিয়ার ক্ল্যাসিকো জয়
আত্মঘাতী গোলে বার্সেলোনার নজিরবিহীন জয়!
তরুণ গোলকিপারের বোকামির পরও আস্থা হারাচ্ছেন না গার্দিওলা