মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক আর নেই 

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই গ্রুপের সংঘর্ষের ১৭ দিন পর ছুরিকাহত যুবক কাউছার খান (২০) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট)  দিবাগত রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কাউছার জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের কাইয়ুম খানের ছেলে। 

নিহতের বাবা কাইয়ুম খান জানান, সংঘর্ষের সময় তার ছেলে কাউছারের উপর ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার ছেলে। ঘটনার মূল হোতা এখনও গ্রেপ্তার হয়নি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, আহত যুবক শনিবার মধ্যরাতে মারা গেছেন। আহত হওয়ার ঘটনায় যুবকের বাবা কাইয়ুম খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, গত ৬ আগস্ট সন্ধ্যায় মৌলভী মাঠ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাইল গ্রামের অপু হাওলাদার ও ডাকাতিয়াপাড়া গ্রামের জাকির খানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কাউছার খানসহ দু’জন ছুরিকাহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত