ধর্ষণ থেকে বাঁচতে নোয়াখালীর এক গৃহবধূ দোতলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার (২৪ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত শুক্রবার ভোরে সুবর্ণচর নিজ বাড়ি থেকে পারিবারিক মনোমালিন্যের কারণে ঘর থেকে বের হয়ে মাইজদী চলে আসেন তার স্বামী। পরে স্বামীর পেছনে পেছনে মাইজদী পৌর বাজার আসেন তিনি। সেখানে তারা বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বখাটে হানিফসহ দুজন এগিয়ে এসে তার স্বামীর ওপর ক্ষিপ্ত হন এবং সমাধানে করে দেয়ার কথা বলে তাদের পৌর বাজারের একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে হানিফদের সঙ্গে আরও চার-পাঁচ জন যুক্ত হয়ে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশেরকক্ষে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচাতে কক্ষ থেকে বের হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দেন তিনি। ওই যুবকরা আবারও তাকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন-সদর উপজেলার দরবেশপুর গ্রামের হানিফ (২৯) ও কামরুল (৪৫)।
এ ব্যাপারে পৌর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা জানান, রোববার বিকেলে হানিফ প্রকাশ ফকির ও কামরুলকে পৌর বাজারে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অপর আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
