ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র শুরু করতে যাচ্ছে সাক্ষাৎকার ভিত্তিক জীবনীমূলক নিয়মিত অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। গত ২২ আগস্ট ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির তিন পর্ব। এই তিন পর্বের অতিথিরা হলেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া এবং লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন।
বলা বাহুল্য, তাদের তিনজনেরই জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। এই অনুষ্ঠানে তারা স্মৃতিচারণ করেছেন নিজেদের শৈশব, কৈশোর এবং দুরন্ত তারুণ্যের। আর অকপটে বলেছেন, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে এখানকার সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে কতটা সংগ্রাম করতে হয়েছিল। নেসার উদ্দিনের প্রযোজনায় ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচার হবে সোমবার (২৫ আগস্ট)।
আর প্রথম পর্বের অতিথি জনপ্রিয় ব্যান্ডদল সোলস-এর এখনকার প্রধান কান্ডারি ও মূল ভোকাল পার্থ বড়ুয়া। তিনি চট্টগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি বলেছেন তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান তৈরির নেপথ্য গল্প। অনুষ্ঠানটি সম্পর্কে জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চেষ্টা করছে সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করতে। আর সেই চেষ্টারই অংশ ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানটি। দর্শকের ভালো লাগলে আমাদের চেষ্টা এবং পরিশ্রম সার্থকতা পাবে।’
পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির দায়ে বরখাস্ত ২