বিতর্কের পর হেরে র‌্যাকেট ভাঙলেন মেদভেদেভ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম

ইউএস ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো দানিয়েল মেদভেদেভকে। ফরাসি বেঞ্জামিন বনজির কাছে ৬-৩, ৭-৫, ৬-৭ (৫-৭), ০-৬, ৬-৪ গেমে হেরে গেছেন ২০২১ ইউএস ওপেন চ্যাম্পিয়ন।

হারের হতাশায় মেজাজ হারিয়ে নিজের র‍্যাকেট ভেঙে ফেলেন ১৩ নম্বর বাছাই মেদভেদেভ।

ম্যাচটি চলাকালে কোর্টে ঢুকে পড়েন এক ফটোগ্রাফার। এ ঘটনায় প্রায় সাত মিনিট বন্ধ থাকে খেলা। ফরাসি খেলোয়াড় বনজি তখন ম্যাচ জয়ের জন্য সার্ভ করছিলেন (৬-৩, ৭-৫, ৫-৪)। চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেনসওর্থ ঘোষণা দেন, বিলম্বের কারণে বনজি আবার প্রথম সার্ভ পাবেন।

মেদভেদেভ বললেন, 'আমি ফটোগ্রাফারের ওপর রাগ করিনি, আম্পায়ারের সিদ্ধান্তের ওপর বিরক্ত হয়েছিলাম। দর্শকসারিতে শব্দ হলে কখনও দ্বিতীয় সার্ভ দেওয়া হয় না। কিন্তু এবার আম্পায়ার আবার প্রথম সার্ভ দিলেন। এ কারণেই আমি ক্ষুব্ধ হয়েছিলাম।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত