লুটের অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:২৩ এএম

লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতাদের পরিচয়ও গোপন রাখা হবে। গতকাল সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির তথ্য বা সন্ধানদাতাদের বিভিন্ন হারে পুরস্কার প্রদান করা হবে। পিস্তল ও শটগানের ক্ষেত্রে ৫০ হাজার, চায়না রাইফেলের ক্ষেত্রে ১ লাখ, এসএমজির জন্য দেড় লাখ ও এলএমজির জন্য ৫ লাখ টাকা হারে পুরস্কার দেওয়া হবে। তাছাড়া প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে ৫০০ টাকা হারে পুরস্কৃত করা হবে।

পুলিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরে এবার স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগে দুর্নীতির অন্যতম ক্ষেত্র ছিল পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ ও বদলিবাণিজ্য। এবার সেটা দূর হয়েছে বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে। তিনি বলেন, এখন পুলিশসহ বিভিন্ন বাহিনীতে অনেক নিয়োগ চলমান রয়েছে। এসব নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত এক বছরে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে বলেই সাংবাদিকরা এ নিয়ে কোনো রিপোর্ট করতে পারেননি। উপদেষ্টা এ সময় নিয়োগ প্রক্রিয়াসহ অন্যান্য ক্ষেত্রে কোনো দুর্নীতির খোঁজ পেলে সে সম্পর্কে রিপোর্ট করা ও মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তবে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি না করার অনুরোধ করেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাকে শোকজ করা হবে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, চেয়ারে বসার পর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন গজিয়েছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজি জড়িত হলে তা জানাবেন। উপদেষ্টা কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন, তবে ভুল খবর প্রকাশ না করার অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে। বিজিবি-বিএসএফের মধ্যে যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত