চট্টগ্রামে চার বছর আগে এক দোকানিকে খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার মো. হৃদয় এবং একই এলাকার তানভীর মো. সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মো. আহসান।
বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ বলেন, “ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালত দুজনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
আদালত সূত্র জানায়, নগরের ইপিজেড থানার নিউমুরিং শাহেনশাহ টাওয়ারের পাশে ত্রিপল ঘেরা দিয়ে একটি কাপড়ের দোকান করতেন মাহফুজুর রহমান (২৪)। মালামালের নিরাপত্তার জন্য রাতে দোকানেই থাকতেন তিনি। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে ২০২০ সালের ১ মে রাতে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে তাকে খুন করা হয়। পরে তার লাশ পার্শ্ববর্তী সিঁড়ির রেলিংয়ের ওপর ঝুলিয়ে রাখা হয়। প্রচার করা হয় এটি আত্মহত্যা। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবদুর রহমান বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
