সুনামগঞ্জে একটি মামলার আসামি ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক পৌর শহরের টেঙ্গারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ছাতকের সুরমা সেতু এলাকায় ১৮ জুলাই ভারত থেকে অবৈধভাবে আনা ১৯ লাখ টাকার পণ্য জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় ছাতক পৌর শহরের টেঙ্গারগাঁও এলাকার বাসিন্দা শাহীন আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়।
পুলিশ সোমবার রাতে ওই মামলার আসামি ধরতে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের টেঙ্গারগাঁও এলাকায় যায়। সেখানে ওই এলাকার বাসিন্দা মামলার আসামি শাহীন আহমদ ও তার সহযোগীরা পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে পুলিশ আসামিদের ধরতে চাইলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
এতে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতের এএসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ আহত হন। খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে সাহাব উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মোস্তাক আহমদকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়নাল মিয়া, আক্তার মিয়া, মিলন মিয়া, সাইমন মিয়া, আলেয়া বেগম ও বেদেনা বেগম।
পুলিশের ওপর হামলার অভিযোগে ছাতক থানার এসআই রুমেন মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার ১২ জনের নামোল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।
