শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারক

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত সোমবার রাষ্ট্রপতি ২৫ বিচারককে নিয়োগ দেওয়ার পর এ দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।

শপথ নেওয়া বিচারকরা হলেন বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন,  বিচারপতি মো. সাইফুল ইসলাম, বিচারপতি মো. নুরুল ইসলাম, বিচারপতি শেখ আবু তাহের, বিচারপতি আজিজ আহমদ ভূঞা, বিচারপতি রাজিউদ্দিন আহমেদ, বিচারপতি ফয়সল হাসান আরিফ, বিচারপতি এস এম সাইফুল ইসলাম, বিচারপতি মো. আসিফ হাসান, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি দিহিদার মাসুম কবির, বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেল, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. রাফিজুল ইসলাম, বিচারপতি মো. মঞ্জুর আলম, বিচারপতি মো. লুৎফর রহমান, বিচারপতি রেজাউল করিম, বিচারপতি ফাতেমা আনোয়ার, বিচারপতি মাহমুদ হাসান, বিচারপতি আবদুর রহমান, বিচারপতি সৈয়দ হাসান যুবাইর, বিচারপতি এ এফ এম সাইফুল করিম, বিচারপতি উর্মি রহমান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

গতকাল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, নিয়োগপ্রাপ্ত বিচারকগণের পরিবারবর্গসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ক্ষোভ : গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারকের মধ্যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, দেশের ১০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর একজনও এই ২৫ জন নবনিযুক্ত বিচারপতির মধ্যে নেই। যা দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত