তত্ত্বাবধায়ক ফিরবে কি না, রিভিউর শুনানি শুরু

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি হয়। আজ বুধবার আবারও শুনানি হবে। রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।  

১৯৯৬ সালের ২৭ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এ সংশোধনীর বৈধতা প্রশ্নে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট আবেদন করেন এম সলিমুল্লাহসহ তিন আইনজীবী। রিট আবেদনের শুনানি নিয়ে রুল দেয় হাইকোর্ট।

২০০৪ সালের ৪ আগস্ট রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণার রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল বিভাগে আপিল করে রিটকারীপক্ষ। ২০১০  সালের ১ মার্চ আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে আপিল আবেদনকারীসহ আটজন অ্যামিকাস কিউরির (আদালতকে আইনি সহায়তাকারী) বক্তব্য শোনে সর্বোচ্চ আদালত। শুনানি শেষে ওই বছরের ১০ মে আপিল মঞ্জুর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে রায় দেয় তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত